সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে প্রায় ছয় লাখ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মোটরসাইকেল ও একটি হেলমেট জব্দ করা হয়।
আটক যুবকের নাম সাগর মিয়া (২০)। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া গ্রামের রহম আলীর ছেলে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে বিরেন্দ্রনগর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারত থেকে মোটরসাইকেলে করে দেশে ফেরার পথে বিরেন্দ্রনগর এলাকা থেকে সাগর মিয়াকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১ হাজার ৮৯০টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবির হিসাবে, উদ্ধার করা ইয়াবার মূল্য ৫ লাখ ৬৭ হাজার টাকা। জব্দ করা মোটরসাইকেলের মূল্য এক লাখ টাকা এবং হেলমেটের মূল্য এক হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য ৬ লাখ ৬৮ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি বলেন, আটক ব্যক্তিকে ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ তাহিরপুর থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।




