যুক্তরাজ্যপ্রবাসী গোলাপগঞ্জবাসীদের সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্যরা অংশ নেন।
গত সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের চিলড্রেন এডুকেশন সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক তারিক রহমান ছানু। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ছরওয়ারদি হাসান।
সভায় ট্রাস্টের ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান হাবিবের বড় ভাই অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব এবং ট্রাস্টের সদস্য আবুল কাহের নানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়। একই সঙ্গে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত এবং কোষাধ্যক্ষ সাইফুল ইসলামের মায়ের সুস্থতা কামনা করা হয়।
স্বাগত বক্তব্যে চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া সংগঠনের অতীত কার্যক্রম, ঐক্য এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বক্তব্য দেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আনোয়ার শাহজাহান।
পরে সাধারণ সম্পাদক তারিক রহমান ছানু ট্রাস্টের বার্ষিক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। সহকারী কোষাধ্যক্ষ কবির আহমদ আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। এ ছাড়া লন্ডন বাংলা স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম স্কুলের আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। সভায় সর্বসম্মতিক্রমে বার্ষিক প্রতিবেদন ও হিসাব অনুমোদন করা হয়।
সভায় ট্রাস্টের তিন সদস্য স্থানীয় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তাঁরা হলেন কাউন্সিলর আব্দুল আজিজ তকি, কাউন্সিলর রুজি খানম ও কাউন্সিলর মোহাম্মদ ওমর মেহেদী।
বক্তারা সংগঠনের সামাজিক, শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কমিউনিটি উন্নয়নমূলক কাজ পরিচালনার আহ্বান জানান।
২০১৭ সালে প্রতিষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে পরে ব্রিটেনের চ্যারিটি কমিশনে নিবন্ধিত হয়। সংগঠনটির নিজস্ব অর্থায়নে ইংল্যান্ডে একটি বাড়িও কেনা হয়েছে।




