সিলেটের বালাগঞ্জে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) উদ্যোগে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি-স্ট্রং)’–এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেন ব্লাস্টার ফ্যাসিলিটেটর জেনারেল আক্তার হুসেন।
কর্মশালায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলা, জরুরি প্রস্তুতি, দ্রুত সাড়াদান এবং টেকসই পুনরুদ্ধারে ‘বি-স্ট্রং’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় পর্যায়ে প্রকল্পটির সফল বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলেও তাঁরা উল্লেখ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এসডিএফের এমইএল স্পেশালিস্ট (হেড অফিস, ঢাকা) মো. মশিউর রহমান, বালাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসাইন, বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমেদ, উপজেলা প্রকৌশলী আজমির শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. জুয়েল মিয়া, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম আহাম্মদ উল্লাহ এবং উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।




