সিলেট টেস্টের চতুর্থ দিনে আচরণবিধি ভাঙায় পাকিস্তানের ক্রিকেটার সালমান আিল আগাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে International Cricket Council (আইসিসি)। আইসিসির লেভেল-১ আচরণবিধি ভেঙেছেন তিনি।
আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২ ধারা ভাঙার দায়ে সালমানকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ ধারা মূলত আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ‘ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের কোনো উপকরণ, সূচি বা ফিটিংসের অপব্যবহার বা ক্ষতি করার’ সঙ্গে সম্পর্কিত।
আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি সালমানের শৃঙ্খলা রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটি তাঁর দ্বিতীয় অপরাধ। এতে তাঁর মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে দুটি। চলতি বছরের ১৩ মার্চ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচেও একই ধারা ভাঙার দায়ে শাস্তি পেয়েছিলেন তিনি।
সিলেট টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৮২তম ওভারে আচরণবিধি ভাঙেন সালমান। আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে মেজাজ হারিয়ে নিজের ব্যাট দিয়ে একটি বিজ্ঞাপনী বোর্ডে আঘাত করেন তিনি।
জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নিয়েছেন সালমান এবং নিজের অপরাধ স্বীকার করেছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
সিলেট টেস্টের দুই অনফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও আলাউদ্দিন পালেকর, তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল সালমানের বিরুদ্ধে অভিযোগ আনেন।
আইসিসির লেভেল-১ আচরণবিধি ভাঙার সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। এর সঙ্গে এক বা দুটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়।




