খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে হাসপাতালের মান নিয়ে অসন্তোষ জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় তিনি রোগীদের জন্য রান্না করা খাবার মুখে নিয়েই ফেলে দেন।
বুধবার (২০ মে) দুপুরে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে খাবারের মান, ভ্যাকসিন সংকট এবং নানা অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের রান্নাঘরে রোগীদের জন্য রান্না করা কুমড়ার তরকারি দেখেন মন্ত্রী। তরকারি মুখে দিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দেন তিনি। পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজীকে স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন করেন, ‘এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন? আপনার গিন্নি এমন তরকারি রান্না করলে খাবেন আপনি?’
জবাবে রফিকুল ইসলাম গাজী বলেন, ‘না স্যার, খাব না।’
এরপর স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রোগীদের খাবারের মানের সঙ্গে কোনো আপস করা যাবে না।’
তিনি বলেন, ‘মিষ্টি কুমড়া একটু মাখা-মাখা করে রান্না করতে হবে, প্রয়োজনে সামান্য ডাল ব্যবহার করা যেতে পারে।’
পরে হাসপাতালের ভ্যাকসিন কর্নার পরিদর্শনে গিয়ে আরেকটি গুরুতর সমস্যা দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী।
সেখানে ভুক্তভোগীরা অভিযোগ করেন, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। বিশেষ করে জলাতঙ্ক ভ্যাকসিন রোগীদের নিজ খরচে সংগ্রহ করতে হচ্ছে- এমন চিত্র দেখে ক্ষুব্ধ হন মন্ত্রী।
সরেজমিনে বিষয়টি দেখে হাসপাতাল তত্ত্বাবধায়ককে দ্রুত সংকট নিরসনের নির্দেশ দেন।
পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (খুসিক) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। তারা হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল পরিদর্শনে যান।




