ভারতের আসামের শিলচর থেকে আসাম বিশ্ববিদ্যালয়-গামী সড়কের শিলকুড়ি এলাকায় ভয়াবহ বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিলকুড়ি ডাকঘরের সামনে থেকে শিলকুড়ি ক্যাম্প পর্যন্ত সড়কজুড়ে বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই গর্তগুলো কাদাপানিতে ভরে যাচ্ছে। এতে সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী এই সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ক্ষোভ বাড়ছে।
সড়কের করুণ অবস্থার কারণে ছোট যানবাহন, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। দুর্ঘটনার আশঙ্কা নিয়েই চলাচল করতে হচ্ছে যাত্রীদের। স্থানীয়দের দাবি, ইতিমধ্যে একাধিক ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ পরিস্থিতিতে নবনির্বাচিত বিধায়কসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
দ্রুত সড়ক সংস্কার করা না হলে শিক্ষার্থীদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।





