ইসরায়েলি সেনারা গাজা সিটি থেকে সব বাসিন্দাকে অবিলম্বে সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। শহরটিতে নতুন সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার এ ঘোষণা দেওয়া হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর আরবিভাষী মুখপাত্র অবিচয় আদ্রাহে এক্সে পোস্ট করে লিখেছেন, গাজা সিটিতে হামাসকে নির্মূল করতে সেনারা ‘অত্যন্ত শক্তি নিয়ে’ অভিযান চালাবে এবং বাসিন্দাদের দক্ষিণে মানবিক এলাকায় চলে যাওয়ার আহ্বান জানান।
এর আগে ইসরায়েলের নিরাপত্তা ক্যাবিনেট শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছিল। বর্তমানে সেখানে কয়েক লাখ ফিলিস্তিনি বসবাস করছে, যাদের অনেকেই যুদ্ধের আগেই অন্য স্থান থেকে বাস্তুচ্যুত হয়ে এসেছেন।
রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের এই নির্দেশ গাজা সিটিতে বড় ধরনের স্থল অভিযান শুরুর আগাম সতর্কবার্তা। সংবাদ সংস্থা এপি বলছে, এতদিন আংশিকভাবে স্থানান্তরের আহ্বান থাকলেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে পুরো শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলো।
ফাইন্যান্সিয়াল টাইমস বলেছে, এ পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আইন নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। ইতোমধ্যেই স্পেন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ ইসরায়েলের পদক্ষেপের সমালোচনা করেছে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, গাজা সিটিতে বেসামরিক সংকট চরমে পৌঁছেছে। খাদ্য ও ওষুধের ঘাটতি, হাসপাতালের ভাঙাচোরা অবস্থা এবং আশ্রয়হীন মানুষের ভিড়ে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।
সামরিক উত্তেজনার পাশাপাশি মানবিক সংকটও ক্রমেই ঘনীভূত হচ্ছে। ইসরায়েলের দাবি, হামাসের হাতে থাকা শেষ বন্দিদের মুক্ত করতেই তারা এ অভিযান চালাবে।
তবে যুদ্ধবিধ্বস্ত এলাকায় বসবাসকারী সাধারণ ফিলিস্তিনিদের জন্য এই সরিয়ে নেওয়ার নির্দেশ যেন নতুন এক অনিশ্চয়তার দ্বার খুলে দিল।




