প্রবাসী বাংলাদেশিদের জন্য জাপানে বিনা অভিবাসন ব্যয়ে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বৃহস্পতিবার (১০ এপ্রিল) এক অনুষ্ঠানে জানান, বিনামূল্যে প্রশিক্ষণ শেষে উন্নত বিশ্ব, বিশেষ করে জাপানে, ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কাজ এগিয়ে চলছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে জাপানের প্রতিষ্ঠান ওনোডেরা ইউজার রান ইনকর্পোরেটের সঙ্গে বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণ ও সনদায়ন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে ড. আসিফ নজরুল বলেন, “জাপান সবসময়ই বাংলাদেশিদের কাছে একটি পছন্দের গন্তব্য। ইতিমধ্যে কারিগরি প্রশিক্ষণের আওতায় ৬৯৫ জন টেকনিক্যাল ইন্টার্ন সেখানে কাজ করছেন। এই সমঝোতা স্মারকের ফলে আগামীতেও আরও বেশি বাংলাদেশি কর্মী জাপানে পাঠানো সম্ভব হবে।”
তিনি জানান, এই চুক্তির মাধ্যমে বিভিন্ন ট্রেডে যেমন কেয়ার গিভার, ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং, প্লাস্টিক মোল্ডিং, রড বাইন্ডিং, স্ক্যাফোল্ডিং, ওয়েল্ডিং, কারপেইন্টিং ও অটোমোবাইল ম্যাকানিক ইত্যাদিতে প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। তিনি বলেন, “দক্ষ জনবল গড়ে তুলতে এবং অভিবাসন নিরাপদ করতে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। এই সমঝোতা স্মারক একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা বাংলাদেশিদের জন্য উন্নত দেশে কর্মসংস্থানের সুযোগকে আরও সম্প্রসারিত করবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএমইটি’র মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, বাংলাদেশে নিযুক্ত জাপানের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তাকাহাসি নাওকি এবং ওনোডেরা ইউজার রান ইনকর্পোরেটের ওভারসিজ বিজনেস ডিপার্টমেন্টের ম্যানেজার তাকাতো কাওয়াকামি।
অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, বিএমইটি’র মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর এবং তাকাতো কাওয়াকামি।
এই উদ্যোগের ফলে প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীরা অদূর ভবিষ্যতে জাপানে দক্ষ শ্রমিক হিসেবে স্থায়ীভাবে কাজের সুযোগ পাবেন, যা দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।




