ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণা জোরালো হয়ে উঠেছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত রাজনগর উপজেলার মুন্সিবাজার ও আশপাশের এলাকায় পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা চালান এম নাসের রহমান। এসব কর্মসূচিতে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
পথসভায় এম নাসের রহমান ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ভোটাধিকার প্রয়োগে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে রাজনগর ও মৌলভীবাজার এলাকার দীর্ঘ ১৮ বছরের উন্নয়নবঞ্চনা দূর করা হবে। অবহেলিত জনপদের উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য বলে জানান তিনি।
এ সময় মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহেল হোসেন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। তিনি ধানের শীষের পক্ষে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার করেন।
এদিকে মুন্সিবাজারসহ রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। এতে করে এলাকায় নির্বাচনী পরিবেশ উৎসবমুখর হয়ে উঠেছে।
বিগত কয়েক দিন ধরে মৌলভীবাজারের আইনজীবী ফোরাম ও স্থানীয় বিএনপি নেতারাও মুন্সিবাজার এলাকায় ধানের শীষের সমর্থনে প্রচারণা ও প্রচারপত্র বিতরণ করছেন।





