পাড়াতুতো নাবালিকা ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নির্যাতনের জেরে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয়। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে দুর্গাপুরর রাঁচি কলোনি এলাকায়। নির্যাতিতা নাবালিকা দুর্গাপুরেরই বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি তার পেটে ব্যথা শুরু হলে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই জানা যায়, সে অন্তঃসত্ত্বা। পরে পরিবারের চাপে নাবালিকা জানায়, তার এক পাড়াতুতো মামা তাকে একাধিকবার ধর্ষণ করেছে।
অভিযুক্ত যুবক দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী সাফাইকর্মী হিসেবে কাজ করে বলে জানা গেছে। স্থানীয়দের একাংশের দাবি, শুধু ওই নাবালিকাই নয়, এলাকায় আরও কয়েকজন অপ্রাপ্তবয়স্কর সঙ্গে তার অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে অভিযুক্তকে এলাকায় দেখতে পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা তাকে ধরে বাঁশের খুঁটিতে বেঁধে লাঠি দিয়ে মারধর করেন। খবর পেয়ে দুর্গাপুর থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর জখম অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগে পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি গণপিটুনির ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তল্লাশি চালানো হচ্ছে।




