সিলেটে পৌঁছে সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল ১০টার দিকে তাকে বহনকারী ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তুমুল বৃষ্টির মধ্যেই তিনি সিলেটে পৌঁছান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দর থেকে তিনি সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
এরপর সকাল ১১টার দিকে নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেটের জলাবদ্ধতা ও বন্যা নিরসন এবং নগরের সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
পরে বেলা সোয়া ১১টার দিকে নগরভবনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল তিনটায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন তিনি।
এছাড়া বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় অংশ নিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো মাঠে সক্রিয় রয়েছে। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন, নজরদারি বৃদ্ধি এবং প্রটোকল অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর।
সফরকে কেন্দ্র করে সিলেট নগরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও স্থাপনাগুলো নতুনভাবে সাজানো হয়েছে। রাস্তা মেরামত, সড়ক ডিভাইডারে সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষরোপণ, নতুন রং করাসহ নগরকে ঝকঝকে রূপ দেওয়া হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে সিলেট সিটি করপোরেশন।




